চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম মোতালেব।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনার সময় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, হামলার ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। পাশাপাশি সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। জিম্মিদের উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে ঘটনাস্থলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক কর্মকর্তা নিহত হন এবং কয়েকজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।