গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত ছবি শেয়ার করেছেন। ছবিটিতে গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা উড়তে দেখা যায়। একই পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটসহ আরও কয়েকটি ছবি যুক্ত করেন তিনি।
পোস্ট করা ছবিগুলোর একটি আসলে একটি পুরোনো ছবির সম্পাদিত সংস্করণ বলে মনে করা হচ্ছে। মূল ছবিটি ২০২৫ সালের আগস্টে তোলা, যখন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ উপলক্ষে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফরে ছিলেন। সে সময় হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা সংস্করণে উপস্থাপনা বোর্ড পরিবর্তন করা হয়েছে। সেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা প্রদর্শিত হয়েছে। অথচ মূল ছবিতে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন সংক্রান্ত তথ্য দেখানো হয়েছিল।
এ ছাড়া ট্রাম্প আরেকটি ছবি প্রকাশ করেছেন, যা একটি ইলাস্ট্রেশন। ওই ছবিতে তাকে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করতে দেখা যায়। পাশে উপস্থিত রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইলাস্ট্রেশনের সামনের অংশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে—
“গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬।”
এই পোস্টগুলো ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।