মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৫:০১ পিএম

ঢাকায় দুই বছরে ভাড়া বাড়ানো যাবে না, ডিএনসিসির নতুন নির্দেশনা

জাতীয়
Sub Editor
ঢাকায় দুই বছরে ভাড়া বাড়ানো যাবে না, ডিএনসিসির নতুন নির্দেশনা
ছবি: সংগ্রহীত

বাড়িভাড়া বাড়ানোর যৌক্তিক সময় অর্থবছরের শুরু জুন-জুলাই বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

কর বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া নির্ধারণ করা উচিত উল্লেখ করে একবার ভাড়া নির্ধারণের পর পরবর্তী দুই বছরের মধ্যে কোনো বাসার ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশানের নগরভবনে ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা তুলে ধরেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, জানুয়ারি এলেই বাড়িভাড়া বাড়ানোর একটি অলিখিত ও অযৌক্তিক প্রবণতা তৈরি হয়েছে। অথচ বাড়িভাড়া বাড়ানোর উপযুক্ত সময় হলো অর্থবছরের শুরু, কারণ বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর পরিশোধ করা হয়।

ডিএনসিসি প্রশাসক জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে, যা বাড়িওয়ালা ও ভাড়াটিয়া—উভয়ের জন্যই প্রযোজ্য হবে।

ডিএনসিসির জারি করা নির্দেশনায় বলা হয়েছে—

বাড়িওয়ালাকে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগসহ সব ধরনের ইউটিলিটি সেবা এবং দৈনিক গৃহস্থালি বর্জ্য সংগ্রহের ব্যবস্থা রাখতে হবে। কোনো সমস্যা দেখা দিলে ভাড়াটিয়া জানালে তা দ্রুত সমাধান করতে হবে।

পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে বাড়িওয়ালার অনুমতি সাপেক্ষে ভাড়াটিয়ারা ছাদ, বারান্দা কিংবা খোলা জায়গায় ফুল, ফল ও সবজি চাষ বা সবুজায়ন করতে পারবেন।

অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে নিরাপত্তার কথা বিবেচনায় বাড়িওয়ালাকে শর্তসাপেক্ষে ছাদ ও মূল গেটের চাবি ভাড়াটিয়াদের দিতে হবে।

ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া অবশ্যই মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ভাড়া গ্রহণের পর বাড়িওয়ালাকে লিখিত ও স্বাক্ষরযুক্ত রশিদ দিতে হবে এবং তা সংগ্রহ করা ভাড়াটিয়ার দায়িত্ব।

বাড়ির নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাড়িওয়ালার যেকোনো সিদ্ধান্তের আগে ভাড়াটিয়াদের জানাতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।