মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৫:০৮ পিএম

দেশ মানেনি আগে, দুষ্টামিতে এখন নাম্বার ওয়ান: ফখরুল

রাজনীতি
Sub Editor
দেশ মানেনি আগে, দুষ্টামিতে এখন নাম্বার ওয়ান: ফখরুল
অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা একসময় বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করেনি, তারাই এখন দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র ও দুষ্টামিতে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা ছড়াচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় বিএনপিই বর্তমানে এসব অপশক্তির প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এবং যারা কখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারাই বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থায় চলবে নাকি উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।

দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আসন্ন নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।