মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬, ১২:০২ এএম

নিরাপত্তা ঝুঁকি: বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার

জাতীয়
Sub Editor
নিরাপত্তা ঝুঁকি: বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার
ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি ছবি: সংগ্রহীত

 


নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ধীরে ধীরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত—এমন তথ্য জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

কূটনৈতিক পরিভাষায় বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এই সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনসহ দেশের পাঁচটি কূটনৈতিক মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের আওতায় পড়বে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সব মিশনই পূর্ণ সক্ষমতায় তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্যের ভিত্তিতে একই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়াও। উভয় প্রতিবেদনে কর্মকর্তাদের বক্তব্য থাকলেও কারও নাম উল্লেখ করা হয়নি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্যও এতে যুক্ত করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। বিশেষ করে উগ্রপন্থি গোষ্ঠীর সম্ভাব্য হুমকির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এক কর্মকর্তা বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঢাকার হাই কমিশন ও চারটি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই চারটি সহকারী হাই কমিশন রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে। পরিবারের সদস্যরা কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবেন—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে মোট কতজন ভারতীয় কূটনীতিক বর্তমানে দায়িত্ব পালন করছেন, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।