মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম

রাজনীতি বইয়ের ওপর প্রভাব, কলকাতা মেলায় বাংলাদেশ বঞ্চিত

আন্তর্জাতিক
Sub Editor
রাজনীতি বইয়ের ওপর প্রভাব, কলকাতা মেলায় বাংলাদেশ বঞ্চিত
সভাপতি সুধাংশু শেখর দে (ডানে) ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি (মাঝে)। ছবি: বিবিসি বাংলা

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় টানা দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রকাশকরা। ফলে এবছরও মেলায় থাকছে না বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন।

যদিও বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের আগ্রহ জানানো হয়েছিল, তবে আয়োজকরাই সে অনুমতি দিচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানান, বর্তমান ভারত–বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সেই অনুমোদন না আসায় বাংলাদেশ এবছরও বইমেলায় অংশ নিতে পারছে না।

তিনি বলেন, বাংলাদেশের তরফে আগ্রহ প্রকাশ করা হলেও গিল্ড নিজেরাই তাদের অংশগ্রহণে অনুমতি দিচ্ছে না। তবে কোনো ভারতীয় স্টলে যদি বাংলাদেশের বই রাখা হয়, সে বিষয়ে গিল্ডের আপত্তি নেই বলেও জানান তিনি।

এর আগে প্রতিবছর কলকাতা বইমেলায় বাংলাদেশের একাধিক প্রকাশক অংশ নিতেন। এতে যেমন পাঠকের ভিড় বাড়ত, তেমনি বাংলাদেশি লেখকদের বইও ভালো বিক্রি হতো। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক বিক্ষোভ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত বছর প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, যা এবছরও অব্যাহত থাকছে।

ত্রিদিব চ্যাটার্জি আরও জানান, নিয়মিত অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রও এবছর বইমেলায় থাকছে না। বাজেট বরাদ্দ না থাকায় তারা অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে।

এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও নিশ্চিত করেছে যে এবারের বইমেলায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছিল।

অন্যদিকে, এবছর প্রথমবারের মতো ইউক্রেন কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে। পাশাপাশি ১৫ বছর পর ফিরছে চীনের প্যাভিলিয়ন। এবারের বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। মোট ২১টি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের এক হাজারের বেশি প্রকাশক এবছর মেলায় স্টল দিচ্ছেন।

আগামী ২২ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা হিসেবে পরিচিত এই আয়োজন সল্ট লেকের স্থায়ী বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।