প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ পিএম || প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৩, ০৮:২৪ এএম
সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক যোগাযোগমন্ত্রী, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সদ্য প্রয়াত আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সৈয়দ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
এদিন আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন সৈয়দ আবুল হোসেন। বিকালে জানান তার শরীর খারাপ লাগছে।
সাখাওয়াত জানান, এরপরই আবুল হোসেনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ২৫ মিনিটে সেখানে তার হার্ট অ্যাটাক হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রয়াত এ রাজনীতিবিদের পারিবারিক সূত্র জানিয়েছে, আবুল হোসেনের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ফ্রিজে রাখা হয়েছে। তার দুই মেয়ে দেশের বাইরে আছেন। একজন আজ বুধবার, আরেকজন বৃহস্পতিবার ফিরবেন। এরপর সিদ্ধান্ত হবে কবে কোথায় দাফন হবে।