মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬, ০৪:৩১ পিএম

হাজতখানায় বর-কনের পার্টি, আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

সারাদেশ
Sub Editor
হাজতখানায় বর-কনের পার্টি, আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল
আ.লীগ নেতার ‘বেয়াইখানা’-ছবি: সংগ্রহীত

নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় পরিবারসহ দুই আওয়ামী লীগ নেতার বেয়াইখানার (বর ও কনের বাবাকে আপ্যায়ন) আয়োজনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুই নেতাকে মামলায় হাজির করার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানায় বিয়ে সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করেন। এ সময় নারী আসামি ও তাদের সন্তানদের উপস্থিতি ছিল।

দু’জন নেতা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ। তারা বিভিন্ন হত্যা ও বিস্ফোরক মামলা দায়ের আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি তাদের সন্তানদের মধ্যে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

পুলিশ জানিয়েছে, হাজতখানার কক্ষটি সাধারণত পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজ এবং নারী আসামিদের সন্তানদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়। ঘটনার দিন পুলিশ ও এটিএসআই দায়িত্বে ছিলেন।

আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. সারওয়ার আলম জানান, বিষয়টি জানার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না হওয়ার জন্য কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আদালতের সুরক্ষিত স্থানে আসামি ছাড়া অন্য কাউকে প্রবেশের সুযোগ নেই এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।