মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম

আদালত অবমাননার অভিযোগে পিনাকীর বিরুদ্ধে রুল জারির আবেদন

জাতীয়
Sub Editor
আদালত অবমাননার অভিযোগে পিনাকীর বিরুদ্ধে রুল জারির আবেদন
ছবি: সংগ্রহীত


“উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি”— শিরোনামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন একদল আইনজীবী।

পাশাপাশি ওই পোস্ট ফেসবুক থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল সংক্রান্ত রিট খারিজের আদেশের পরপরই আইনজীবীরা এ অভিযোগ আনেন।

শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত ও আইনজীবীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, আদালতে কখনো গুন্ডামি বা প্রভাব বিস্তারের মতো কোনো কাজ তিনি করেননি, অথচ তাকে নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যা আদালত অবমাননার শামিল।

আদালত কক্ষে উপস্থিত অন্যান্য আইনজীবীরাও এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট অপসারণের নির্দেশনা চাওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ ফয়েজসহ আরও অনেকে।

আইনজীবীরা জানান, আগামী রোববার হাইকোর্ট এ বিষয়ে আদেশ দিতে পারেন

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।