মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ০৭:২৫ পিএম

অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় যাওয়া অসম্ভব: হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক
Sub Editor
অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় যাওয়া অসম্ভব: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা-ছবি: জাগোনিউজ২৪


ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

তার মতে, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ঘটলেই কেবল দলটি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শ্রিংলা দাবি করেন, অতীতে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনে জামায়াতের ভোটের হার সাধারণত পাঁচ থেকে সাত শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সে কারণে দলটির উল্লেখযোগ্য জনসমর্থন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতকে কেউ না কেউ সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তবে নির্বাচনে কারচুপি না হলে তাদের পক্ষে ক্ষমতায় পৌঁছানো সম্ভব নয়।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে শ্রিংলা জানান, ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি তেমন পরিবেশ দেখছেন না বলে জানান। নির্বাচন আদৌ হবে কি না, নিরাপত্তা পরিস্থিতি কেমন থাকবে—এসব নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।