প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৩, ১২:৪৭ পিএম
হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী
বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন- বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না।
শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব গজারিয়া সংযোগ সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে। কয়েকজনকে হত্যা করেছে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তরকারী ইতিহাস। বিগত ৫০ বছরের চেষ্টার ফসল। ৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪ লেন বিশিষ্ট এই ব্রিজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পাশবর্তী অঞ্চলের লোকজন এর সুফল পাবে। এটি হলে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমে আসবে ৬০ কিলোমিটার। এই ব্রিজের কারণে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আশাকরি।
শামসুল আলম বলেন, বিএনপি বিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।
ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও কাউন্সিলর শাজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ব্যবসায়ী মাসাকাজ হারুন মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমুখ।