মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৬, ০৮:০৯ এএম

উত্তপ্ত মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক
Sub Editor
উত্তপ্ত মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন বিমানবাহী রণতরী
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-ছবি: সংগ্রহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর স্ট্রাইক গ্রুপের আগমন।

সোমবার এই শক্তিশালী নৌবহরটি অঞ্চলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তারা জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই মোতায়েন।

বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং সেগুলো দমনে কঠোর অবস্থানের প্রতিক্রিয়াতেই এই সামরিক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন এখন ইসলামিক প্রজাতন্ত্রের শাসনব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের গণআন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ না হলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ইরান সরকার ৮ শতাধিক পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করায় সরাসরি হামলার পথ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, এই মুহূর্তে সামরিক পদক্ষেপ না নেওয়া হলেও ইরানের ক্ষেত্রে ‘সব বিকল্প খোলা’ রয়েছে।

এদিকে, মার্কিন নৌবহরের উপস্থিতিকে উসকানিমূলক হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, এই ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন ইরানি জাতির মনোবলে কোনো প্রভাব ফেলবে না এবং দেশটি আত্মরক্ষায় সম্পূর্ণ সক্ষম।

১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের বর্তমান ধর্মীয় নেতৃত্ব বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়লেও এখনো ক্ষমতায় রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, চলমান সংকটে বাহ্যিক হস্তক্ষেপ পরিস্থিতিকে নতুন দিকে মোড় নিতে বাধ্য করতে পারে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।