পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন পেলেন প্রথম আলোর মালিক
নিউজ ডেস্ক
ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের প্রায় ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও তাঁর মা শাহনাজ রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করেন মা–মেয়ে। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকা বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, এর আগে একই দিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহের আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় আদালতে অনুপস্থিত থাকায় সিমিন রহমান, শাহনাজ রহমান এবং ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজন—মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের স্থায়ী জামিন আবেদনও মঞ্জুর করেন আদালত। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ফেব্রুয়ারি।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২০ সালের ১৩ জুন একটি বোর্ড সভার নামে ভুয়া নথি তৈরি করে ট্রান্সকম লিমিটেডের ২৩ হাজার ৬০০ শেয়ার পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর দেখানো হয়। এর মধ্যে সিমিন রহমান নিজের নামে নেন ১৪ হাজার ১৬০টি শেয়ার। তবে বাদী শাযরেহ হকের দাবি, ওই তারিখে কোনো বৈধ বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি।
তদন্তে দেখা যায়, বোর্ড সভার নোটিস, ই-মেইল বা ডাকযোগে পাঠানো কোনো কাগজপত্রের প্রমাণ পাওয়া যায়নি। শেয়ার হস্তান্তরের সময় আরজেএসসির নিয়মও মানা হয়নি। দাতা ও গ্রহীতা কেউই উপস্থিত না থেকে আইনজীবীর মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যা কোম্পানি আইন, ১৯৯৪-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযোগপত্রে বলা হয়, ভুয়া স্ট্যাম্প ও স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে পারিবারিক ডিড অব সেটলমেন্ট ও এফিডেভিট তৈরি করা হয়। তদন্তে উঠে আসে, ব্যবহৃত স্ট্যাম্প দুটি ২০২৩ সালে অবৈধভাবে তৈরি হলেও সেগুলোকে ২০২০ সালের তারিখে ব্যবহৃত দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন