নিশি রাতে ভোট করতে দেব না : তারেক রহমান
নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন ভোরে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং সেখানে অবস্থান নিয়ে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে হবে।
তিনি বলেন, গত ১৬ বছরে যেমন রাতের আঁধারে নির্বাচন হয়েছে, এবার তা হতে দেওয়া হবে না। এবার সিদ্ধান্ত নেবে জনগণই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান—সব ধর্মের ভোটারদের ভোরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা না যায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় আবু সাঈদের বাবাকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত শেষে তার মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
সংস্কার বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো আগেই জনগণের সামনে তুলে ধরা হয়েছে। কোনো বিষয়ে মতভেদ থাকলে তা গোপন না রেখে প্রকাশ্যেই আলোচনা করা হয়েছে।
নির্বাচনের দিন ‘হ্যাঁ’ ভোট চেয়ে তিনি বলেন, রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ যারা জীবন দিয়েছেন, সেই ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। জুলাই সনদের প্রতি সম্মতি জানিয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ-না ব্যালটেও ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই পিছিয়ে পড়া অঞ্চল মনে করলেও এটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে বিনা মূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পও বিএনপির অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, একটি দল একসময় বিএনপির সঙ্গে সরকারে ছিল এবং তাদের মন্ত্রীরাও দায়িত্বে ছিলেন। তখন বিএনপি ভালো হলেও এখন হঠাৎ করে খারাপ হয়ে গেছে—এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, আবু সাঈদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে এবং মেগা প্রকল্পের নামে হওয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিই দেশকে দুর্নীতির কবল থেকে মুক্ত করতে সক্ষম।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশ শেষে রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন