হান্নান মাসউদের পথসভায় চোরাগোপ্তা হামলার অভিযোগ, আহত ৩
নিউজ ডেস্ক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে এ ঘটনায় এনসিপির তিন কর্মী আহত হয়েছেন। হামলার জন্য এনসিপি বিএনপিকে দায়ী করেছে।
হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামসুল তিব্রিজ জানান, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শনিবার রাতে তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাঁর বক্তব্য চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়।
এনসিপির অভিযোগ, হামলাকারীরা সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। এতে দলটির অন্তত তিনজন কর্মী আহত হন। এনসিপি নেতারা দাবি করেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করা এবং ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
সামসুল তিব্রিজ আরও বলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ হোসেন হাসান ও তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মাহেরের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। একই সঙ্গে তালতলা বাজারে এনসিপির কার্যালয় ভাঙচুরের অভিযোগও তোলা হয়। এ ছাড়া যুবদল নেতা মাহের প্রকাশ্যে এনসিপির নোয়াখালী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আজিম বাপ্পীকে হত্যার হুমকি দিয়েছেন বলেও দাবি করা হয়।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন বলেন, বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বরং এনসিপিই নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, চোরাগোপ্তা হামলার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন