ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ছাতরা জেলার সিমারিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
এনডিটিভি এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাতে জানায়, ফ্লাইটটি রাচি থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার শিকার হয়। ছাতরার ডিসি কীর্তিশ্রী জি বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা সাতজনই নিহত হয়েছেন।
রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার।
কীর্তিশ্রী জির ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানটি নিখোঁজ হয় এবং পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েতের গভীর বনাঞ্চলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। মহকুমা পুলিশ কর্মকর্তা শুভম খান্ডেলওয়াল নিশ্চিত করেন, সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাচির দেবকমল হাসপাতালের প্রধান নির্বাহী অনন্ত সিং জানান, লাতেহার জেলার বাসিন্দা ৪১ বছর বয়সী সঞ্জয় কুমারের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করা হয়েছিল। শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় বিমানযোগে দিল্লিতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়, ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বিকট শব্দের পর বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন