যুক্তরাষ্ট্রে একদিনে ৩ জনের মৃত্যুদণ্ড, ১৫ বছর পর নজির
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় পর দেশটিতে একই দিনে তিনটি বিচারিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।
প্রথমে ওকলাহোমা অঙ্গরাজ্যে কার্লোস কুয়েস্তা-রদ্রিগেজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে ম্যাকঅ্যালেস্টারের ওকলাহোমা স্টেট পেনিটেনশিয়ারিতে ৭০ বছর বয়সী এই বন্দীর মৃত্যু হয়। ২০০৩ সালে কমন-ল স্ত্রী অলিম্পিয়া ফিশারকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি ক্ষমার আবেদন করে বলেছিলেন, নিজের অপরাধের জন্য অনুতপ্ত এবং দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগেছেন।
মৃত্যুদণ্ড কার্যকরের পর কুয়েস্তা-রদ্রিগেজের পরিবার ও বন্ধুরা এক বিবৃতিতে তার জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, ভয়াবহ অপরাধের পরও জীবনের পরবর্তী দশকগুলোতে তিনি অনুতপ্ত ছিলেন এবং পরিবার ও কারাগারের অন্য বন্দীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন।
এর প্রায় এক ঘণ্টা পর টেনেসি অঙ্গরাজ্যে ৬৬ বছর বয়সী ড্যারেল হাইনসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৮৫ সালে মোটেলকর্মী ও চার সন্তানের মা ক্যাথরিন জিন জ্যাকসন জেনকিনসকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
হাইনসের আইনজীবীরা তার মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছিলেন। এর আগে মে মাসে টেনেসিতে টনি কারাথার্সের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছিল। দীর্ঘ সময় ধরে শিরা খোঁজার পরও তাকে মৃত্যুদণ্ডের ওষুধ প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে হাইনসের মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন সফল হয়নি।
হাইনসের আইনজীবী ক্যাথরিন ডিক্স তার মৃত্যুদণ্ডকে ‘হত্যা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মৃত্যুর সময় হাইনস অন্ধ ছিলেন, শরীরের বাম পাশ অবশ ছিল, হাঁটতে পারতেন না এবং নিয়মিত ব্যথায় ভুগতেন।
দিনের তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আলাবামায়। ৪২ বছর বয়সী জেরেমি উইলিয়ামসকে ২০২১ সালে জর্জিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি কামারি হল্যান্ডকে হত্যার দায় স্বীকার করেছিলেন এবং বিচার চলাকালে প্রসিকিউশনের কর্মকাণ্ডে আপত্তি না জানাতে আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন। তিনি জুরি দিয়ে সাজা নির্ধারণের অধিকারও ছেড়ে দেন এবং কোনো প্রশমনমূলক প্রমাণ উপস্থাপন করেননি।
মৃত্যুর আগে পরিবারের সদস্যরা উইলিয়ামসের সঙ্গে দেখা করেন। শেষ বক্তব্যে তিনি নিজের পাপের জন্য ক্ষমা পাওয়ার বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে এর আগে ১৫ বছরের বেশি সময় আগে একই দিনে তিনটি বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। বৃহস্পতিবারের ঘটনাটি মূলত সময়সূচির কারণে একই দিনে ঘটলেও, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতা আবার বাড়ার বিষয়টিও এতে উঠে এসেছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৪৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০২৪ সালের ২৫টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর বড় অংশই হয়েছিল ফ্লোরিডায়। অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের মেয়াদে গত বছর সেখানে ১৯টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তিনটি মৃত্যুদণ্ডই প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করার কথা ছিল। ১৯৮০-এর দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ পদ্ধতিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে আসছে। আলাবামা সম্প্রতি নাইট্রোজেন গ্যাস ব্যবহারের দিকে বেশি ঝুঁকেছিল। তবে জুনে এক ফেডারেল বিচারক পদ্ধতিটিকে অসাংবিধানিক বলে তা স্থগিত করেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন