একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
নিউজ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি আগের অনুমোদিত প্রকল্পের সংশোধিত রূপ।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
একনেকের অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা দেওয়া হবে। বাকি অর্থ প্রকল্প ঋণের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের পুরোনো ও ব্যবহার অনুপযোগী ভবনগুলো প্রতিস্থাপন এবং পুনর্নির্মাণের প্রকল্প। পাশাপাশি ১০টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়াতে একটি প্রকল্প নেওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির তৃতীয় সংশোধিত প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দ্বিতীয় সংশোধিত প্রকল্প। একই মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় ডেসকোর এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রথম সংশোধিত প্রকল্পও অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন, ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণার সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই, সুন্দরবন সুরক্ষা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণের প্রকল্প।
এ ছাড়া গুলশানে ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, মসজিদ পাঠাগার সম্প্রসারণ এবং জনসেবা প্রদানে নিউ মিডিয়ার কার্যকর ব্যবহারসংক্রান্ত প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন