|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইউক্রেনে রুশ হামলায় নিহত আরও ২, ক্রিভি রিহতে নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম
১২ পঠিত
00:00
00:00
ইউক্রেনে রুশ হামলায় নিহত আরও ২, ক্রিভি রিহতে নিহত বেড়ে ১৬
মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি শপিং সেন্টারের ধ্বংসস্তূপে বেশ কয়েকজন মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।ছবি/ বিবিসি

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় অন্তত আরও দুজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে একটি গুদামে আগুন লেগে একজন এবং জাপোরিঝঝিয়ায় ড্রোন হামলায় আরেকজন নিহত হন।

এর একদিন আগে দেশটির ক্রিভি রিহ শহরের একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শুক্রবারের ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনো দুই শিশুসহ অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্ডার হানঝা জানান, শপিং সেন্টারের ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ১৬-তে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন ১৩০ জন, যাদের মধ্যে ২৩টি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে ‘অত্যন্ত নৃশংস ও ঘৃণ্য’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, ক্রিভি রিহতে হামলাটি দুটি ধাপে চালানো হয় এবং দ্বিতীয় দফায় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা শপিং সেন্টারে দ্বিতীয় একটি ড্রোন আঘাত হানে। হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে ইউক্রেনের চারটি অঞ্চল থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল ক্রিভি রিহতে পাঠানো হয়েছে।

এদিকে কিয়েভের দারনিতস্কি এলাকায় শনিবার ভোরে একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয় সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায়ও রুশ ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

এর আগে শুক্রবার মাইকোলাইভ অঞ্চলে পৃথক রুশ হামলায় তিন শিশুসহ চারজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও দুজন নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছিলেন।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার তারা রাশিয়ার অভ্যন্তরে একটি তেল শোধনাগার ও একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইউক্রেনের হামলা বেড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →