|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম
১৬ পঠিত
00:00
00:00
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত
দক্ষিণ লেবাননের আরব সালিমে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া বাড়িতে উদ্ধারকর্মীদের তল্লাশি।ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। সর্বশেষ এই হামলাকে ইসরায়েলের নতুন করে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রোববার ভোর থেকে হামলা শুরু হয়। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

এনএনএ জানায়, আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী নিহত ও ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত দুজন নিহত হয়েছেন।

নাবাতিয়েহ শহরেও চালানো হামলায় লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায়। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাফর রেমানে হামলায় শহরের প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে নাবাতিয়েহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়েছে। আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এই হামলায় ধ্বংস হয়ে যায়।

ইসরায়েল দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর জবাবে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনাটিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

গত মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। লেবাননের হিসাবে, এসব হামলায় ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের ভেতরে নিজেদের ঘোষিত প্রায় ১০ কিলোমিটার গভীর ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করছে।

জুনে বৃহত্তর সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর হামলার সংখ্যা কিছুটা কমেছে। একই মাসের শেষদিকে ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতেও পৌঁছায়।

তবে লেবাননের পক্ষ থেকে এখনও দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ধ্বংসের অভিযোগ করা হচ্ছে।

শুক্রবারও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ১৮ বছর বয়সী এক নারীসহ চারজন নিহত হন। ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাদের লক্ষ্য করে ড্রোন পাঠানোর জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ইসরায়েল দাবি করে, নাবাতিয়েহের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের ওপর তারা ‘অপারেশনাল নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।

সেনা প্রত্যাহার নিয়ে ইসরায়েলের ভাবনা

লেবাননের ভূখণ্ডে অবস্থানরত সেনাদের ইসরায়েলি সীমান্তের আরও কাছে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক বাহিনী তাদের অবস্থান কমিয়ে সীমান্তের দিকে আরও ৩ থেকে ৪ কিলোমিটার সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে নতুন একটি ‘গ্রে লাইন’ বরাবর সামরিক চৌকি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর ফলে লিতানি নদীর উত্তরে বিস্তৃত ‘ইয়েলো লাইন’-এর কিছু অংশ থেকে ইসরায়েলি সেনারা সরে যেতে পারে। তবে পরিকল্পনাটি এখনও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন পায়নি। একই সঙ্গে এসব এলাকা লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কান।

হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অভিযানকে নিন্দা করে বলেছে, ‘আন্তর্জাতিক নীরবতা এবং স্পষ্ট মার্কিন মদদের’ মধ্যেই এই অভিযান চলছে। ইসরায়েলের সঙ্গে বৈরুতের ‘ফলহীন সরাসরি আলোচনাও’ তারা প্রত্যাখ্যান করেছে।

এদিকে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি শনিবার ফোনে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে কথা বলেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →