|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আওয়ামী লীগের নেতৃত্বে রেহানা নয়, শেখ সেলিম: শেখ হাসিনা

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম
১১ পঠিত
00:00
00:00
আওয়ামী লীগের নেতৃত্বে রেহানা নয়, শেখ সেলিম: শেখ হাসিনা
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিমের নাম জানালেন দলীয় সভাপতি। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশের বাইরে থাকলে আওয়ামী লীগের নেতৃত্বে তার বোন শেখ রেহানা নয়, দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা নিজেই।

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দলের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ সেলিমই সবচেয়ে জ্যেষ্ঠ। তার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব তিনি পালন করবেন।

শেখ রেহানার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি জানান, শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এরপর থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছে। দলের কয়েকজন সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা শেখ সেলিমকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আপত্তির কথাও জানিয়েছেন।

তাদের কেউ কেউ শেখ সেলিমের বিরুদ্ধে অতীতে ওঠা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের বিষয়টি সামনে এনেছেন। দলীয় বৈঠকের তথ্য দ্রুত বাইরে চলে যাওয়ার অভিযোগও করেছেন একজন সাবেক নেতা।

শেখ সেলিমের পারিবারিক রাজনৈতিক সম্পর্ক নিয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বড় ছেলে শেখ ফজলে ফাহিমের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বোন ন্যান্সি জাহারার এবং ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়ে সারাহ হাসিন মাহমুদের বিয়ে হয়েছে।

দেশে ফেরার পরিকল্পনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারেও তিনি এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তবে দেশে ফিরলে নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথাও জানান তিনি। এমনকি বিমানবন্দরেই তাকে হত্যার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি।

দেশে ফেরার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তিনি। তার ভাষ্য, দেশে ফেরার নির্দেশনা দিয়ে তিনি কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না।

বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে শেখ হাসিনার দাবি

সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে বলে দাবি করেন। তার মতে, এর প্রভাব কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রতিবেশী ভারতও এর নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা বা দর-কষাকষির বিষয়টি বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর।

ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন

বাংলাদেশের নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

ভারত সরকার কী বিবেচনায় বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেছে এবং তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে—এ সিদ্ধান্তের ব্যাখ্যা ভারত সরকারই দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

তবে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, নিজের দেশকে ধ্বংসের দিকে যেতে দেখলে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →