তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
নিউজ ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজের বিষয়টি জানানো হয়।
নোটিশে সাজ্জাদকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তার বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।
এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
দাম বৃদ্ধির পর সাজ্জাদ তার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানান। তিনি লেখেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
তবে একই পোস্টের মন্তব্যে তিনি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরলে দেশেও জ্বালানির দাম কমতে পারে।
এই পোস্টের পরই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, তিনি সংগঠনের প্রতি অনুগত এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দেবেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন