|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলা, নিহত ২; অন্যত্র ৩

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ এএম
২৪ পঠিত
00:00
00:00
কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলা, নিহত ২; অন্যত্র ৩
ইউক্রেনের কিয়েভে রুশ জেটচালিত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনে কাজ করছেন দমকলকর্মীরা।-ছবি: সংগৃহীত

রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি বাজারে রুশ ড্রোন হামলায় আগুন ধরে দুইজন নিহত হয়েছেন। একই দিনে মস্কোর বাহিনীর বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। কিয়েভ শহরেও হামলা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, কিয়েভের পশ্চিম উপকণ্ঠের সোফিইভস্কা বোরশ্চাহিভকা এলাকায় একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। এতে দুইজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরে নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুশ বাহিনী দীর্ঘদিন ধরে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে আসছে। এসব হামলা বেশিরভাগ সময় রাতে হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিনের বিভিন্ন সময় প্রায় ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কারণে এসব কর্মকাণ্ডকে নিঃসন্দেহে ‘সন্ত্রাসবাদ’ বলা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার এসব হামলার কোনো সামরিক উদ্দেশ্য নেই। তার ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য হলো মানুষকে ভেঙে দেওয়া এবং ইউক্রেনীয় সমাজের ওপর যতটা সম্ভব ক্ষতি চাপিয়ে দেওয়া।

উত্তরাঞ্চলীয় শহর সুমি, যা রুশ সীমান্তের কাছে এবং প্রায়ই হামলার লক্ষ্যবস্তু হয়, সেখানে একটি পরিবার সহায়তা কেন্দ্রের কাছে তিনটি গ্লাইড বোমা আঘাত হানে। আঞ্চলিক গভর্নর ওলেহ হরিহোরভ টেলিগ্রামে জানিয়েছেন, এতে দুইজন নিহত হয়েছেন।

রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা সুমি অঞ্চলের কিছু এলাকাকে একটি বাফার জোনে পরিণত করতে চায়।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং উত্তর-পূর্বাঞ্চলের আরেকটি নিয়মিত হামলার লক্ষ্য খারকিভে একটি গাড়িতে ড্রোন আঘাত হানে। এতে গাড়িটির চালক নিহত হয়েছেন বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

জেলেনস্কি জানিয়েছেন, শনিবার থেকে রাশিয়া বিভিন্ন ধরনের ২৭৭টি হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। এর মধ্যে ১৫৫টি ছিল জেটচালিত ড্রোন। মস্কো সাম্প্রতিক সময়ে এ ধরনের ড্রোন বেশি ব্যবহার করছে। এগুলো বেশি উচ্চতায় উড়তে পারে এবং প্রতিহত করা কঠিন।

জেলেনস্কি আরও বলেন, কিয়েভে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও ছিল।

ডেটা সেন্টার ও খেলার মাঠেও হামলা

কিয়েভের মেয়র ক্লিচকো টেলিগ্রামে জানিয়েছেন, একটি ড্রোন শহরের পূর্ব উপকণ্ঠের একটি বহুতল আবাসিক ভবনে আঘাত করে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং একজন আহত হন। জরুরি বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে ক্লিচকো জানান, আরেকটি ড্রোন শহরের কেন্দ্রীয় এলাকার একটি বহুতল ভবনে আঘাত করেছে। সেখানে সম্ভাব্য হতাহতের বিষয়টি খতিয়ে দেখছিলেন জরুরি বিভাগের কর্মীরা।

এর আগে শহরের দুটি জেলায় একটি কিন্ডারগার্টেন ও একটি খেলার মাঠের কাছাকাছি ড্রোন আঘাত হানে বলে জানান ক্লিচকো। এছাড়া শহরের আরও কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের সবচেয়ে বড় মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারফ্যাক্স ইউক্রেনকে জানিয়েছে, রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় তাদের সদর দপ্তরেও আঘাত লেগেছে। ইউক্রেনের ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোয় এসব হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের দুটি ডেটা সেন্টার, ওদেসার একটি লজিস্টিক হাব এবং ওদেসার দিকে যাওয়া দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে।

চার বছর ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →