|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মরিয়মের আত্মহত্যা: পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ পিএম
২৯ পঠিত
00:00
00:00
মরিয়মের আত্মহত্যা: পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস
আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম।-ছবি: সংগৃহীত

আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে নিহত মরিয়মের পরিবারের আপস হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় গাজী নজরুল ও মাকছুদার জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মাহবুবুর রহমান।

আইনজীবী জানান, বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে এবং দুই আসামিকে জামিন দেওয়া হলে তাদের কোনো আপত্তি নেই বলে আদালতে জানিয়েছেন বাদী।

শুনানি শেষে বিচারক মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জুনে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তিনি নজরুল ও মাকছুদার সঙ্গে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি বাসায় থাকতেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের কাছে জানিয়েছিলেন মরিয়ম।

এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকালে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

মামলার পর আদালত গাজী নজরুলকে প্রথমে চার দিনের এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে পাঠায়। পরে ২৪ সেপ্টেম্বর নজরুলকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অপর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →