শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান আটক
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলা দায়েরের প্রায় ১৫ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, বিমানবন্দর থানায় করা মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম রেজা জানান, তাকে গ্রেপ্তারে ডিবির সহযোগিতা চাওয়া হয়েছিল।
গ্রেপ্তারের আগে নিজের বাসা থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জনগণ ও প্রবাসীদের জন্য কাজ করার কথা উল্লেখ করে সবার কাছে দোয়া চান।
এর আগে শুক্রবার ভোররাত সোয়া ৩টার দিকে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি ও লাগেজ সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়। এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ট্রলি সংগ্রহের লাইনের নিয়ম ভাঙার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরে পরিস্থিতি নিয়ে কথা বলতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং অশালীন ভাষায় কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন সংশ্লিষ্টদের ভিডিও ধারণে বাধা দিলে আখতারুজ্জামান তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন।
ঘটনাটি সিসিটিভির আওতায় ছিল না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে বিষয়টি প্রমাণ করা সম্ভব বলে মামলায় দাবি করা হয়েছে।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও আখতারুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাধারণ যাত্রীদের জন্য রাখা জমজমের পানির বোতল সরিয়ে ফেলেন বলেও অভিযোগ করা হয়েছে।
মোহাম্মদ আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ ও ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ওই আসন থেকে জয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এবার কিশোরগঞ্জ-২ আসনে তার ছোট ভাই আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন