|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া: দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৪১ এএম
১৪ পঠিত
00:00
00:00
সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া: দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সাগরের ওপর দিয়ে উড়ছে ক্ষেপণাস্ত্র। ছবি: আল জাজিরা

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শনিবার সকালে জানায়, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের বন্দরনগরী ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পরিস্থিতি পর্যালোচনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির সামরিক বাহিনী আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় সতর্কতা জারি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা জানিয়েছে।

জাপানও শনিবার জরুরি সতর্কতা জারি করে জানায়, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি সম্পর্কে অবগত এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। তাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য, ভূখণ্ড কিংবা মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার ক্ষমা চাওয়ার দাবিকে উপহাস করেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের দাবি, সামরিক সীমারেখার দক্ষিণে উত্তর কোরিয়ার পুঁতে রাখা মাইন থেকেই সীমান্ত এলাকায় বিস্ফোরণ ঘটেছে।

ওই বিস্ফোরণে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানে থাকা দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন।

সাম্প্রতিক সময়ে সীমান্তে মাইন ও ট্যাংকবিধ্বংসী বাধা স্থাপনসহ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে কিম ইয়ো জং সিউলের এই দাবিকে ‘সম্পূর্ণ করুণ’ বলে মন্তব্য করেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার।

শনিবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার ধারাবাহিক সামরিক তৎপরতার সর্বশেষ ঘটনা। এর আগে দেশটি কথিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা, গোলাবর্ষণ মহড়া এবং নতুন একটি যুদ্ধজাহাজ কমিশনিংসহ বিভিন্ন সামরিক কর্মকাণ্ড চালিয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →