ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড অনুমোদন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলিবর্ষণ করে ১৩ জনকে হত্যাকারী সাবেক সেনা মনোরোগ চিকিৎসক নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হলে তিনি ছয় দশকের বেশি সময়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর হাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রথম সেনা হবেন।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সুপারিশ এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হবে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় ও স্থান নির্ধারণ করবেন সেনাবাহিনীর সচিব।
২০১৩ সালের আগস্টে একটি সামরিক আদালত হাসানকে পরিকল্পিত হত্যা ও হত্যাচেষ্টার ৪৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। টেক্সাসের ওই সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে হ্যান্ডগান দিয়ে গুলি চালানোর ঘটনায় ১২ জন কর্মরত নিরস্ত্র সেনা ও একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হন। আহত হন আরও ৩২ জন।
ঘটনাস্থলেই পুলিশ হাসানকে আটক করে। এ সময় পুলিশের গুলিতে তিনি আহত হয়ে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হন।
আফগানিস্তানে মোতায়েন হওয়ার কয়েক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটে। সামরিক আদালতে হাসান বলেছিলেন, আফগানিস্তানে গিয়ে মুসলিমদের হত্যা করতে যাওয়া সেনাদের থামাতেই তিনি এই হামলা চালিয়েছিলেন। বিচার চলাকালে নিজের পক্ষে তেমন কোনো প্রতিরক্ষাও তিনি উপস্থাপন করেননি।
২০২৬ সালের এপ্রিলে ট্রাম্প প্রশাসন মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফায়ারিং স্কোয়াডের পাশাপাশি গ্যাস প্রয়োগ ও বৈদ্যুতিক চেয়ারের ব্যবহারও অনুমোদন করে।
যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত বিরল। ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস অনুযায়ী, এ ধরনের মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষমতা শুধু প্রেসিডেন্টের রয়েছে।
হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৯৬১ সালের পর তিনিই হবেন মার্কিন সামরিক বাহিনীর প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত সদস্য, যার সাজা কার্যকর করা হলো। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ১৯৬১ সালের সেই মৃত্যুদণ্ড ফাঁসিতে কার্যকর হয়েছিল।
সংস্থাটির তথ্যমতে, মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে ১৯৪৫ সালের নভেম্বরে। সে সময় ‘মাসকেট্রি’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন