৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের ডিসিকে অপসারণের দাবি ছাত্রদলের
মুখপত্র অনলাইন ডেস্ক
জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি প্রদর্শন না করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা। গত শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় সভায় হট্টগোলের সৃষ্টি হয়। এছাড়া একজন বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করার সময় জেলা প্রশাসকের নিরব ভূমিকায় জেলা ছাত্রদল চরম অসন্তোষ প্রকাশ করেছে। এসব ঘটনার প্রতিবাদে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ এবং সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এই বিবৃতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম এতে স্বাক্ষর করেছেন। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন জেলা শাখা সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ।
উলেখ্য, শনিবার অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় শুরুতেই উত্তেজনা দেখা দেয়। পরে তার ছবি সংযুক্ত করা হলেও আলোচনার সময় এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। ঘটনাটি খতিয়ে দেখার জন্য জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন