|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মালয়েশিয়ার রাজধানীতে বড় অভিযান, বাংলাদেশিসহ ১৫০ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম
৪ পঠিত
00:00
00:00
মালয়েশিয়ার রাজধানীতে বড় অভিযান, বাংলাদেশিসহ ১৫০ গ্রেপ্তার
ছবি সংগ্রহীত


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে চালানো এসব অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, চৌকিট এলাকার একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন নারী। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই অভিযানটি দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। সংশ্লিষ্ট ভবনটি আগে থেকেই অবৈধ অভিবাসীদের অবস্থানস্থল হিসেবে চিহ্নিত ছিল।

আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, দুজন ভারত, দুজন পাকিস্তান এবং একজন মিয়ানমারের নাগরিক।

লোকমান এফেন্দি বলেন, অবৈধ অভিবাসী ও তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, অধিকাংশ আটক ব্যক্তি নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা অস্বাস্থ্যকর ও অতিরিক্ত ভিড়পূর্ণ পরিবেশে বসবাস করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযানের সময় কয়েকজন বিদেশি নাগরিক সিঙ্কের নিচে, পুরোনো মালামালের স্তূপে এবং পানির ট্যাংকের ফাঁকে লুকানোর চেষ্টা করেন। আটক এক ইন্দোনেশীয় নাগরিক জানান, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

অন্যদিকে, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জালান ক্লাং লামা এলাকায় আরেকটি অভিযানে আরও ৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। নিউ পান্তাই এক্সপ্রেসওয়ের পাশে গড়ে ওঠা এই অবৈধ বসতিতে জাল বিদ্যুৎ ও পানির সংযোগ ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে দেখা যায়, সেখানে অবৈধভাবে নির্মিত কক্ষ, রান্নাঘর, টয়লেট, বসার ঘর এবং একটি নামাজঘর রয়েছে। সংকীর্ণ গলিপথে বিভক্ত এসব স্থাপনায় বহু বিদেশি নাগরিক বসবাস করছিলেন, যা নগর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →