|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গুপ্ত হয়ে নয়, প্রকাশ্যেই লড়েছে বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬, ০৫:০৬ পিএম
১০ পঠিত
00:00
00:00
গুপ্ত হয়ে নয়, প্রকাশ্যেই লড়েছে বিএনপি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান-তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের আপসহীন অবস্থানের কারণে ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিপীড়ন, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলে তিনি দাবি করেন।

শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেড় দশকের বেশি সময় ধরে আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো বেড়েছে; কিন্তু ভয়াবহ নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা কখনো আত্মগোপনে যায়নি বা ছদ্মবেশ নেয়নি। একই পরিবারের একজন গুম হলে অন্যজন পরদিন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন আরও জোরদার করার শপথ নিয়েছেন—এটাই বিএনপির শক্তি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে যে দল এমন দৃঢ় অবস্থান নিতে পারে, তাকে অপপ্রচার বা ষড়যন্ত্র দিয়ে দমন করা যাবে না—এ বিশ্বাস তিনি দৃঢ়ভাবে করেন।

গুম ও হত্যার শিকারদের প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্রের বড় দায় রয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র কখনোই এসব পরিবারকে ভুলে যেতে পারে না। শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি, যদিও নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে এ মুহূর্তে বিস্তারিত তুলে ধরতে পারছেন না। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধৈর্য ধরার কথাও বলেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

গণতন্ত্রের পথে বাধা দেওয়ার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তারেক রহমান বলেন, গণতন্ত্রপ্রিয় মানুষদের সজাগ থাকতে হবে, যাতে উসকানি ও বিতর্ক সৃষ্টি করে কেউ গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে।

তিনি আরও বলেন, অতীতের সব অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে আগামী দিনে একটি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। তা না হলে ১৯৭১, ১৯৯০, গত ১৬ বছর এবং সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন—তাদের আত্মত্যাগের প্রতি অবিচার করা হবে।

নির্বাসিত জীবনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন দেশ ও স্বজনদের থেকে দূরে থাকতে হয়েছে। দূর থেকেও নেতাকর্মী ও স্বজনহারা মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিল না এবং ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন, প্রায় হাজারজন গুম হয়েছেন এবং দেড় লক্ষের বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে, যার ভোগান্তি বহন করেছেন প্রায় ৬০ লক্ষ নেতাকর্মী।

গুম-খুনের ভয়াবহ সময়ের অবসান ঘটেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বজনহারাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। অনেক সন্তান আজও পিতার মুখ দেখার অপেক্ষায় রয়েছে—এ বেদনার সাক্ষী দেশবাসী।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →