|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পাকিস্তানের করাচির শপিং মলে ভয়াবহ আগুনে মৃত ২৩, নিখোঁজ ৩৮

নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ এএম
৪ পঠিত
00:00
00:00
পাকিস্তানের করাচির শপিং মলে ভয়াবহ আগুনে মৃত ২৩, নিখোঁজ ৩৮
আগুনে শপিং মল ভবনটির একটি অংশ ধসে পড়েছে। ছবি: রয়টার্স

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এ ঘটনায় এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন করাচির মেয়র মুর্তজা ওয়াহাব।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, মঙ্গলবারও করাচির এম এ জিন্না রোডে অবস্থিত গুল প্লাজায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার রাতে চারতলা ওই শপিং মলে আগুনের সূত্রপাত হয়। প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা চেষ্টার পর রোববার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে ধোঁয়া ও আবর্জনা থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ায় সোমবার আবারও দমকল বাহিনীকে কাজ শুরু করতে হয়। প্রায় ১২০০ দোকান থাকা ভবনটির একটি অংশ আগুনে ধসে পড়েছে।

সারারাত ঘটনাস্থলে অবস্থান করা মেয়র ওয়াহাব জানান, উদ্ধারকারী দলগুলো বর্তমানে মলটির বেসমেন্ট তল্লাশি করছে। করাচি জেলা প্রশাসন, জরুরি সেবা সংস্থা ও করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের (কেএমসি) যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ছাদ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে।

তিনি আরও বলেন, ধ্বংসস্তূপ সরিয়ে বেসমেন্টে প্রবেশ করা হয়েছে এবং ছাদে পার্ক করা গাড়িগুলো ক্রেনের মাধ্যমে অপসারণ করা হচ্ছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

সোমবার রাতে করাচি দক্ষিণ পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রেজা জানান, এ পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিছু ক্ষেত্রে দেহের অংশবিশেষ পাওয়া গেছে, ফলে প্রকৃত মৃতের সংখ্যা নির্ধারণে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

উদ্ধারকারী সংস্থা ১১২২-এর প্রধান পরিচালন কর্মকর্তা আবিদ জালাল বলেন, বিভিন্ন স্থানে পাওয়া দেহাবশেষ একই ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির—তা পরীক্ষা ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।

গুল প্লাজার এক দোকান মালিক জানান, আগুন লাগার সময় মলের ভেতরে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দোকান থেকে মালামাল বের করার সুযোগ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানিরা প্রাথমিকভাবে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্লাস্টিক, ফোম, কাপড় ও পারফিউমের মতো উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি সিন্ধু প্রাদেশিক সরকারকে বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →