মহাসড়কে নির্বিঘ্ন অটোরিকশা চলাচলের দাবিতে চালকদের বিক্ষোভ
নিউজ ডেস্ক
গাজীপুরে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে এবং পুলিশের হয়রানির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে শতাধিক অটোরিকশা চালক সড়ক অবরোধ করেন। এ সময় তারা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।
চালকরা জানান, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকায় নিয়মিত পুলিশ তাদের গাড়ি আটক করে থানায় নিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে অটোরিকশা অকেজো করে দিচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়কে নির্বিঘ্নে অটোরিকশা চলাচলের দাবি তুলেছেন তারা।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষসহ শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
অটোরিকশা চালক সুমন বলেন, সরকার যদি মহাসড়কে অটো চলতে না দেয়, তাহলে অবৈধ সব যানবাহনও বন্ধ করতে হবে। গরিব মানুষ কষ্ট করে অটো কিনে সংসার চালায়, এই আয় বন্ধ হলে তাদের বিকল্প কী হবে—সে প্রশ্নও তোলেন তিনি।
আরেক চালক রাশেদুল বলেন, প্রাইভেটকার কেনার মতো সামর্থ্য আমাদের নেই। অটোরিকশা চালিয়েই পরিবার নিয়ে বেঁচে আছি। অথচ প্রতিদিন পুলিশ ধরে নিয়ে মামলা দিচ্ছে। তারা বাধাহীনভাবে গাড়ি চালানোর সুযোগ চান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান, অটোরিকশা মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, চালকদের দাবিগুলো যৌক্তিক হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে, তবে পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন