|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নারী নিরাপত্তায় সন্ধ্যাকালীন বাস চালুর আশ্বাস - জামায়াত আমিরের

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬, ০৩:৩৩ পিএম
১১ পঠিত
00:00
00:00
নারী নিরাপত্তায় সন্ধ্যাকালীন বাস চালুর আশ্বাস - জামায়াত আমিরের
ছবি: সংগ্রহীত

 


কর্মজীবী নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করতে সরকার গঠন করতে পারলে বিশেষ সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার ঢাকার যাত্রাবাড়ীতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে নারীরা সবচেয়ে বেশি যে দুইটি সংকটে ভুগছেন, তা হলো নিরাপত্তাহীনতা এবং মর্যাদার অভাব। জামায়াত সরকার গঠন করতে পারলে ঘর, চলাচল ও কর্মস্থল—এই তিন ক্ষেত্রেই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইভটিজিং কিংবা কর্মক্ষেত্রে হয়রানির মতো ঘটনা আর সহ্য করা হবে না। নারীরা যেন নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ ও চলাফেরা করতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বড় শহরগুলোতে, বিশেষ করে ব্যস্ত সময়ের জন্য শুধুমাত্র নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

দুই দিনের নির্বাচনি প্রচার শেষে ঢাকায় ফিরে যাত্রাবাড়ীর জনসভায় তিনি আরও বলেন, পুরুষরা প্রয়োজনে হেঁটে, সাইকেলে বা মোটরবাইকে চলতে পারবেন, কিন্তু মায়েদের যেন কোনোভাবেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়—এটি নিশ্চিত করা হবে।

সরকারি ডাবল ডেকার বাসে নারীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বাসের নিচতলার অংশ নারীদের জন্য সংরক্ষণ করা হবে, যাতে উপরে উঠতে গিয়ে তাদের কষ্ট না হয়। পুরুষরা প্রয়োজনে উপরের তলায় উঠবেন বা দাঁড়িয়ে যাবেন—এতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, তাদের কাছে জীবনের চেয়েও মায়েদের সম্মান ও মর্যাদা বেশি। এই বিশ্বাস থেকেই নারীদের জন্য চলাচলের আলাদা ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

নারী-পুরুষের সমন্বয় ছাড়া সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরের বাইরে কাজ করা স্বাভাবিক ও প্রয়োজনীয়। তিনি বলেন, ইতিহাস ও ধর্মীয় দৃষ্টান্তে দেখা যায়, কঠিন পরিস্থিতিতেও নারীরা সমাজ গঠনে ভূমিকা রেখেছেন।

যুব সমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বেকার ভাতা দিয়ে তরুণদের নির্ভরশীল করে তোলার নীতিতে তারা বিশ্বাস করেন না। বরং যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলে দেশ গড়ার কারিগরে পরিণত করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, দক্ষ মানুষের হাত কারো দয়ার মুখাপেক্ষী থাকে না। তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের যোগ্য করে মর্যাদার জায়গায় পৌঁছে দিতে জামায়াত কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →