সমরাস্ত্র কারখানা ও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটানো এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশে সমরাস্ত্র উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির উদ্যোগে এই কারখানা গড়ে তোলা হবে।
সোমবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠার বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে যুক্ত করা হবে।
এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সভার সিদ্ধান্তগুলো জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।
আশিক মাহমুদ বলেন, বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতায় দেখা গেছে, উন্নত প্রযুক্তির অস্ত্রের চেয়ে গুলি ও মৌলিক সামরিক যন্ত্রাংশের ঘাটতিই বেশি সমস্যা তৈরি করে। সে কারণেই বাংলাদেশ হাইটেক অস্ত্র নয়, বরং প্রয়োজনভিত্তিক গোলাবারুদ ও যন্ত্রাংশ উৎপাদনে গুরুত্ব দেবে।
তিনি জানান, প্রস্তাবিত কারখানাটি মিরসরাইয়ে ভারতের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলের জমিতে স্থাপন করা হবে। প্রায় ৮০০ একর জমি নিয়ে ওই অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল হওয়ায় জায়গাটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল।
এ ছাড়া সভায় চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬৫০ একর জমিতে একটি ‘ফ্রি ট্রেড জোন’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জোনে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা উৎপাদন, পুনঃরপ্তানি এবং কাঁচামাল সংরক্ষণের সুযোগ পাবেন। এজন্য প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
বিডা, বেজা ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় আরও সিদ্ধান্ত হয়— দেশের ছয়টি বিনিয়োগ সংস্থাকে একীভূত করে একটি সংস্থা গঠন করা হবে। এসব সংস্থার মধ্যে রয়েছে বিডা, বেপজা, বেজা, বিসিক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। আগামী উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে।
আইন সংশোধনের মাধ্যমে এখন থেকে পৌর এলাকাতেও বিনিয়োগ অনুমোদন দিতে পারবে বিডা। এর ফলে বিসিকের অব্যবহৃত প্লট ও বন্ধ রাষ্ট্রীয় শিল্পকারখানা বেসরকারি খাতে হস্তান্তরের পথ খুলবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কুষ্টিয়ার চিনিকলের ২০০ একর জমিতে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনাও রয়েছে।
বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য ‘ক্যাশব্যাক’ সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফডিআই স্কিমের আওতায় কোনো প্রবাসী বিনিয়োগ আনলে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে পাবেন তিনি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এ ছাড়া বিদেশে বিনিয়োগ আহরণে বিডার এজেন্সি অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চীন ও দক্ষিণ কোরিয়ায় এসব অফিস স্থাপন করা হবে। সংশ্লিষ্ট দেশের প্রতিষ্ঠানগুলো অফিস পরিচালনার ব্যয় বহন করবে এবং তাদের মাধ্যমে আসা বিনিয়োগের বিপরীতে কমিশন পাবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন