|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ছাত্রদলের হামলার পর প্রক্টর: ‘আমরা ব্যর্থ, পুলিশও পালিয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ এএম
৭১ পঠিত
00:00
00:00
ছাত্রদলের হামলার পর প্রক্টর: ‘আমরা ব্যর্থ, পুলিশও পালিয়েছে
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা-ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে যান। হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধর করতে তারা সেখানে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকজনের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান সেখানে গেলে নেতাকর্মীরা অস্ত্র সরিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে সাংবাদিকেরা ঘটনাটি ধারণ করতে গেলে কয়েকজনের ওপর হামলা হয়। সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে লাঠি দিয়ে মারধর এবং আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিও হামলার শিকার হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টর কয়েকজন সাংবাদিককে হলের ভেতরে নিয়ে যান। পরে হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকেরা সেখানে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামকে মারধর করা হয়। এতে জাহিদুলের মাথায় আঘাত লাগে বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছেন এবং পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশও ভয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন এবং তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার আশ্বাস দেন।

রাহী দাবি করেন, সাংবাদিক ও ছাত্রদলের মধ্যে দূরত্ব তৈরির জন্য ছাত্রশিবির ষড়যন্ত্র করছে। কোনো সাংবাদিককে উদ্দেশ্য করে ছাত্রদলের কোনো নেতাকর্মী ইচ্ছাকৃতভাবে হামলা চালায়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র থাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তদন্তের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →