সৌদি থেকে ফিরলেন হুতি হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী
অনলাইন ডেস্ক
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার মুখে আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের সর্বশেষ কাফেলার ৪০ জন সদস্য অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগ এবং ধর্ম মন্ত্রণালয়ের নিবিড় সমন্বয়ে তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ধর্মমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বিমানবন্দরের টার্মিনালে তাঁদের অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ।
সৌদি আরবে অবস্থানকালীন দুঃসময়ে ধর্মমন্ত্রী নিয়মিতভাবে যাত্রীদের খোঁজখবর নিয়েছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যাত্রীদের থাকা ও বিভিন্ন জরুরি প্রয়োজন মেটাতে দুই দিনের আপ্যায়ন এবং পোশাকের ব্যবস্থা করা হয়েছিল। দেশে ফেরার পরও তাঁদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে যাত্রীদের খাবার সরবরাহ করা হয় এবং তাঁদের নিজ জেলা সিরাজগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া লাগেজ না পাওয়া যাত্রীদের প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়েছে।
এ সময় ওমরাহ কাফেলার প্রধান মুয়াল্লিম আব্দুল্লাহ আল-মামুন ও ফিরে আসা যাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনার হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্সের সহযোগিতার জন্যও তাঁরা ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় সাতজন বাংলাদেশি আহত হন। তাঁদের ওই সাতজন বর্তমানে সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি আরবের অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে যাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া বেশ জটিল হয়ে পড়েছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপে শেষ কাফেলার ৪০ জন সদস্যের প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠা শেষে প্রিয়জনদের মাঝে ফিরে আসায় ওমরাহযাত্রীদের পরিবারে স্বস্তি ফিরেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন