|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

না ফেরার দেশে সাংবাদিক আহমদ গিয়াস, কক্সবাজারে শোকের ছায়া

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ এএম
৯১ পঠিত
00:00
00:00
না ফেরার দেশে সাংবাদিক আহমদ গিয়াস, কক্সবাজারে শোকের ছায়া

কক্সবাজারের সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গবেষণাধর্মী সাংবাদিকতার অগ্রপথিক ও দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরতলীর বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আহমদ গিয়াস। ছাত্রজীবন থেকেই মেধাবী ও সৃজনশীল কাজের সাথে যুক্ত ছিলেন তিনি। স্কুল-কলেজে পড়ার সময় দেয়ালিকা প্রকাশ ও বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে নিজের মেধার পরিচয় দিয়েছিলেন। পেশাদার সাংবাদিকতায় আসার পর সমুদ্র, জীববৈচিত্র্য, পাখি ও পরিবেশ নিয়ে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো পাঠকমহলে বেশ সমাদৃত হয়। বিশেষ করে বঙ্গোপসাগর ও কক্সবাজারের সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে তাঁর গভীর জ্ঞান ও তথ্যনির্ভর কাজ সাংবাদিকতায় এক স্বতন্ত্র মাত্রা যোগ করেছিল।

পরিবেশ ও প্রকৃতির নানা পরিবর্তন নিয়ে তাঁর লেখাগুলো কক্সবাজারের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি শেষ জীবনে তিনি কক্সবাজার শহরতলীর দরিয়ানগর এলাকায় অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করছিলেন। পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সুশীল সমাজে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে আহমদ গিয়াসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ চকরিয়া উপজেলার খুটাখালীতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে রাতেই তাঁকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →