|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পাকিস্তানে আইবিও অভিযানে ৪১ ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি, ২০২৬, ০৬:৪১ পিএম
৮ পঠিত
00:00
00:00
পাকিস্তানে আইবিও অভিযানে ৪১ ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত
ছবি: সংগ্রহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ৪১ জন ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিহতরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করা ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, হরনাই জেলার উপকণ্ঠে ‘ফিতনা আল-খারিজ’-এর উপস্থিতির তথ্য পেয়ে একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর আঘাত হানে। তীব্র গোলাগুলির পর সেখানে ৩০ জন ‘ভারতসমর্থিত খারিজ’ নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সেখানেই ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে পাঞ্জগুর জেলায় পরিচালিত আরেকটি আইবিও অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ১১ জন ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুরে সংঘটিত এক ব্যাংক ডাকাতির লুটের অর্থও নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তারা অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসীর উপস্থিতি আছে কি না তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম পূর্ণ গতিতে অব্যাহত থাকবে বলেও জানানো হয়, যার লক্ষ্য বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল।

পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর সীমান্ত-পার সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান-সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশ।

এর আগে, গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি আইবিও অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে কেপিতে ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গত বছরে সারা দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী ঘটনার তথ্য পাওয়া গেছে—এর মধ্যে কেপিতে ৩ হাজার ৮১১টি, বেলুচিস্তানে ১ হাজার ৫৫৭টি এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটে। সন্ত্রাসবিরোধী অভিযানে ওই বছরে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি।

চৌধুরীর দাবি অনুযায়ী, দেশের ১০টি বড় সন্ত্রাসী হামলায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও নরম লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এসব ঘটনায় আফগান সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা ছিল।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →