মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, খারকিভে রুশ হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ৬২০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মস্কোর ওপর অন্যতম বড় ড্রোন হামলা। একই সময়ে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত রাজধানীর দিকে আসা ৬২০টি ড্রোনের মধ্যে ১৮০টি মস্কো অঞ্চলের আকাশে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পরে রাজধানীর দিকে যাওয়ার পথে আরও ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত দুই বছরের মধ্যে মস্কো অঞ্চলে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা।
মস্কো ঘিরে থাকা মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, হামলায় তিনজন আহত হয়েছেন। পাভলোভস্কি পোসাদ শহরে একটি বাড়িতে আগুন ধরে যায়। এছাড়া বোগোরোদস্কি এলাকায় কয়েকটি বাড়ি ও একটি অতিথিশালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কোর পূর্বাঞ্চলে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ ভবনের দেয়ালে আঘাত করায় তাদের লজিস্টিকস কমপ্লেক্সে সামান্য ক্ষতি হয়েছে।
ইউক্রেনের দাবি, রাশিয়ার ড্রোন তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে ওয়াইল্ডবেরিজ। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিষ্ঠানটির একাধিক গুদামে হামলা চালানো হয়েছে।
মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক ইউলিয়া শাপোভালোভা বলেন, ইউক্রেনের সাম্প্রতিক হামলা দীর্ঘপাল্লার ড্রোন যুদ্ধে কৌশলগত উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে যুদ্ধের প্রভাব রাশিয়ার আরও গভীরে পৌঁছে যাচ্ছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ছে এবং অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থায়ও ব্যাঘাত ঘটছে।
খারকিভে রুশ হামলায় নিহত ১০
অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া ১৪৭টি ড্রোনের মধ্যে ১১১টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, পেচেনিহি এলাকায় রুশ হামলায় প্রাথমিকভাবে ১০ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁর দাবি, ওই এলাকায় হামলায় দুটি ‘বান্দেরোল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে ‘বর্বর’ আখ্যা দিয়ে বলেন, আবাসিক এলাকায় এই হামলার জবাব ইউক্রেন অবশ্যই দেবে। রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্র দেশগুলোকেও আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
খারকিভ অঞ্চলের ইজিয়ুম শহরেও রুশ হামলায় নয় বছর বয়সী এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর সিনিয়েহুবভ।
এদিকে, কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহরেও রুশ ড্রোন হামলায় আগুন ও বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি অফিস ভবন ও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামনের সারিতে যুদ্ধ অনেকটা স্থবির এবং শান্তি আলোচনা কার্যত বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটিই দেশটিতে এক মাসে বেসামরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ে ইউক্রেনীয় হামলায় রাশিয়ায় ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন