|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পেজেশকিয়ানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
১১ পঠিত
00:00
00:00
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পেজেশকিয়ানের বৈঠক
ব্রিকস সম্মেলনের আগে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনের একদিন আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নৌপথ ও বাণিজ্যের স্বাধীনতা এবং সমুদ্রপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব ধরনের সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মোদি। একই সঙ্গে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগস্টের বেশিরভাগ সময় লড়াইয়ে বিরতি থাকার পর সম্প্রতি দুই দেশ ফের পাল্টাপাল্টি হামলা শুরু করেছে।

ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও ইসরায়েলের সঙ্গে দেশটির কৌশলগত সম্পর্ক এবং আরব দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অঞ্চলটির বিভিন্ন জাহাজে হামলার ঘটনায় ভারত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে মোদি বলেন, “সমুদ্রপথ নিরাপদ, সরবরাহের পথ খোলা এবং নাবিকরা নিরাপদ থাকলেই বৈশ্বিক বাণিজ্য এগিয়ে যেতে পারে।”

একই অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশ যেন অন্য দেশের ‘বৈধ বাণিজ্যে’ বাধা দিতে না পারে—এমন পরিবেশ তৈরিতে ব্রিকসকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে অর্থনৈতিক ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহার অন্য দেশগুলোর বৈধ বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।

গত দুই সপ্তাহের মধ্যে মোদি ও পেজেশকিয়ানের এটি দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →