ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি
নিউজ ডেস্ক
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে হামলার ঘটনার পর থেকেই নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। তবে রোগীসেবা সচল রাখতে মিড-লেভেল চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার তদন্তে শনিবার দুপুরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), তাঁর স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং ছাতক থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।
কর্মবিরতি শুরুর পর শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতাল পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টার আলোচনা শেষে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা।
বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ কয়েকটি যৌক্তিক দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। এসব দাবি বাস্তবায়ন হলে যে কোনো সময় কাজে ফেরার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন